জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢুকে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় বিএসএফের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নিহত সায়েম উদ্দিনের স্ত্রী আশিদা বেওয়া গতকাল মঙ্গলবার জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই মামলা করেন।
বিচারক তাজুল ইসলাম মিঞা শুনানির পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ১৫ দিনের মধ্যে নিহত ব্যক্তির ময়নাতদন্তের প্রতিবেদন এবং এ ঘটনায় থানায় আর কোনো মামলা হয়েছে কি না, তার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আসামিরা হলেন ভারতের দুর্গাপুর ৭৫ বিএসএফ চার্লি কোম্পানি কমান্ডার সি এল প্যাটেল এবং মিনা এসি ও অনুশ কুমার এফএসসহ ওই কোম্পানির অজ্ঞাতনামা ২৫-৩০ জন।
আরজিতে উল্লেখ করা হয়, ১৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ সীমানার মধ্যে রামকৃষ্ণপুর মৌজার একটি পুকুরে ১২-১৩ বছর বয়সের সাত থেকে আটজন শিশু মাছ ধরতে যায়। এ সময় সেখানে ভারতীয় সীমান্তে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের মাছ ধরতে বাধা দিয়ে গালাগাল করেন। শিশুরাও পাল্টা গালাগাল করে। এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের ২৫-৩০ জন সশস্ত্র সদস্য বাংলাদেশের সীমানার ৪০০ থেকে ৫০০ গজ ভেতরে ঢুকে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে এলোপাতাড়ি গুলি করেন। এতে ওই গ্রামের সায়েম উদ্দিন, ফারুক হোসেন, আবুজাফর, পরিমল মারডি ও নির্মল মারডি গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত সায়েম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ওই রাতে বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা ৪০-৫০ জন সশস্ত্র লোক পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি করেন।
জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির স্ত্রীর আদালতে মামলা দায়েরের বিষয়টি তিনি জানেন না। তবে আদালতের আদেশ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।