বিএসএফের রাবার বুলেটে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে সিয়াম (৭) নামের এক শিশু আহত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শিমুলবাড়ি ক্যাম্প সূত্র এ কথা জানিয়েছে।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মতিন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩১-এর ২ নম্বর সাব পিলারের পাশ দিয়ে বিএসএফ সদস্যদের একটি দল বাংলাদেশ অংশে ঢুকে পড়ে অতর্কিতে বুলেট ছোড়ে। বুলেটটি বালাটারী গ্রামের শহিদুল ইসলামের শিশুপুত্র সিয়ামের কপালে লেগে ক্ষত সৃষ্টি হয়। এতে সে খুব ভয় পায়। সিয়াম এ সময় গ্রামের অন্যদের সঙ্গে আগুন পোহাচ্ছিল।
আবদুল মতিন বলেন, বিএসএফের নটকোবাড়ি কোম্পানি কমান্ডারের কাছে এ ব্যাপারে প্রতিবাদ পাঠানো হয়েছে। পরে সীমান্ত পিলারের পাশে নোম্যান্স ল্যান্ডে দুপুরে পতাকা বৈঠক হয়। বৈঠকে এ ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।