বিএসএফের হাতে তিন দিন ধরে আটক রয়েছেন বাংলাদেশি কৃষক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তিন দিন ধরে আটক রয়েছেন বাংলাদেশি এক কৃষক। মনসুর আলী (৫০) নামের ওই কৃষকের বাড়ি জেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মনসুর আলীর কয়েকটি গরু গত সোমবার দুপুরে গ্রামের পাশে ভারত সীমান্তের কাছাকাছি ঘাস খাচ্ছিল। একপর্যায়ে গরুগুলো সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করে। তখন মনসুর আলী গরু আনতে সেখানে গেলে বিএসএফের সদস্যরা গরুসহ তাঁকে আটক করেন। বর্তমানে তিনি তাহিরপুর সীমান্তের বড়ছড়া এলাকায় বিএসএফের কাছে আটক রয়েছেন।
বাঙ্গালভিটা গ্রামের বাসিন্দা ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেনু মিয়া জানান, মনসুর আলী একজন নিরীহ কৃষক। বিএসএফ হয়তো ভুল করে তাঁকে গরু চোরাচালানকারী ভেবে আটক করেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি আজ বুধবার দুপুরে বলেন, ‘মনসুর আলী গত সোমবার বিএসএফের হাতে আটক হন। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁকে ফেরত আনার চেষ্টা করছি। আগামীকাল বৃহস্পতিবার বিএসএফের সঙ্গে আমাদের পূর্বনির্ধারিত একটি পতাকা বৈঠক রয়েছে। সেখানে এ নিয়ে কথা বলব।’