বিএসএফের হাতে দুই বাংলাদেশি ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার সকালে ওই দুই গরু ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাঁদের আটক করে।
আটক দুই ব্যবসায়ী হলেন দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের বগু মিয়া (৪০) ও একই গ্রামের আজগর আলী (৩০)।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ওই দুই ব্যবসায়ী সীমান্তের ৯৫ নম্বর প্রধান সীমান্ত খুঁটি (মেইন পিলার) থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার চাপড়া থানার হুদাপাড়া বেলতলায় যান। গরু নিয়ে ফেরার সময় ৮১ বিএসএফ গোংরা ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে বিএসএফের সঙ্গে গরু নিয়ে ধস্তাধস্তি হয়। এরপর বিএসএফ তাঁদের আটক করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যবসায়ীর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁদের ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।