বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে আবদুর রহিম (৩৬) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ওপারে ভারতীয় গ্রাম চ্যাংড়াবান্ধায় এ ঘটনা ঘটেছে।

বিএসএফের হাতে আটক আবদুর রহিম বুড়িমারী ইউনিয়নের কামারের হাট গ্রামের আতাউর রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে আবদুর রহিমসহ গরু পারাপারকারী কয়েকজন সদস্য বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ৮২২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলারের এলাকা দিয়ে শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় অবৈধভাবে ভারতের চ্যাংড়াবান্ধা গ্রামে যায় গরু আনতে। পরে ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা ওই গরু পারাপারকারী দলকে ধাওয়া করলে দলের অন্য সদস্যরা পালিয়ে এলেও আবদুর রহিম বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাঁকে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির জানায়, আজ শনিবার দুপুরে ওই সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে আটক আবদুর রহিমকে ফেরত চাওয়া হয়। কিন্তু বিএসএফ কমান্ডার জানান, আটক ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাই তাঁকে ভারতের মেকলিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।