বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তে ওপারে ভারতের পানিশালা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আটক করা ব্যক্তির নাম রেজাউল করিম (৩৪)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেজাউলসহ কয়েকজন গরু ব্যবসায়ী গতকাল দিবাগত রাতের যেকোনো সময় ভারতে ঢোকেন। তাঁরা মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর প্রধান পিলারের ৭ নম্বর উপপিলারের কাছ দিয়ে সীমান্তলাগোয়া ধরলা নদী পার হয়ে ভারতে ঢোকেন। ভারতের কোচবিহার সীমান্তের পানিশালা গ্রামের ভারতীয় গরু ব্যবসায়ীর কাছ থেকে তাঁরা গরু আনতে যান। গরু নিয়ে ওই রাতেই ফেরার সময় টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও রেজাউল বিএসএফের হাতে আটক হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওবায়দুল হক। আজ শনিবার সকাল নয়টার দিকে মুঠোফোনে তিনি জানান, এ বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে আজ সকালে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারতীয় সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশি নিহত হন। গত ১৫ নভেম্বর পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমাড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে মারা যান ফরিদ উদ্দিন (২২)। ২০ ডিসেম্বরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তে বিএসএফের নির্যাতনে গুরুতর আহত রাশিদুল ইসলাম (৩০) উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে মারা যান। সর্বশেষ ৩০ ডিসেম্বর পাশের উপজেলা হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের ওপারে বিএসএফের গুলিতে নিহত হন শফিকুল ইসলাম (২৫)।