বিএসএফের হাতে ৩ দিন ধরে আটক বাংলাদেশি কৃষক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তিন দিন ধরে আটক আছেন এক বাংলাদেশি কৃষক। মনসুর আলী (৫০) নামের ওই কৃষকের বাড়ি জেলার মধ্যনগর থানার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মনসুর আলীর কয়েকটি গরু গত সোমবার দুপুরে গ্রামের পাশে ভারত সীমান্তের কাছাকাছি ঘাস খাচ্ছিল। একসময় গরুগুলো সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। পরে তিনি গরু আনতে সেখানে গেলে বিএসএফ সদস্যরা গরুসহ তাঁকে আটক করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি গতকাল বুধবার দুপুরে বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁকে ফেরত আনার চেষ্টা করছি। কাল (আজ বৃহস্পতিবার) বিএসএফের সঙ্গে আমাদের পূর্বনির্ধারিত একটি পতাকা বৈঠক আছে। সেখানে এ নিয়ে কথা বলব।’