বিএসএফের 'ধাওয়া' বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘ধাওয়া খেয়ে’ পলায়নপর এক বাংলাদেশি গতকাল বুধবার সকালে মারা গেছেন। বিএসএফের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহত ব্যক্তির স্বজনেরা।
নিহত ব্যক্তির নাম আবদুল বারেক (৩৫)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর গ্রামের বাসিন্দা।
বারেকের পরিবারের সদস্য, পুলিশ ও বিজিবি সূত্র অনুযায়ী, গরু আনতে মঙ্গলবার ভারতে যান বারেক ও তাঁর সঙ্গীরা। গতকাল সকালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার নটাখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া দেন। তখন যে যেদিকে পারেন দৌড় দেন। বারেক সীমান্ত থেকে দৌড়ে নিজের বাড়ির কাছে এসে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানালে তারা নির্যাতনের কথা অস্বীকার করেছে।
বারেকের বাবা এন্তাজ আলীর দাবি, বিএসএফের নির্যাতনেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম বলেন, মৃতদেহের বুকসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ভূরুঙ্গামারী সীমান্তে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিল বিএসএফ।