বিএসএমএমইউতে চাকরি প্রার্থী চিকিৎসক লাঞ্ছিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবেদনবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য পরীক্ষা দিতে এসে লাঞ্ছিত হয়েছেন এক চিকিৎসক। গতকাল রোববার ওই চিকিৎসক বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে পারেননি।
অভিযোগকারী চিকিৎসকের নাম এস এম আব্দুল আলীম। তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবেদনবিদ্যা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরীক্ষাটি আবার নেওয়া হবে বলেও তিনি প্রথম আলোকে জানিয়েছেন।
এস এম আব্দুল আলীম প্রথম আলোকে বলেন, ‘সকালে যখন পরীক্ষা দিতে যাই, তখন কয়েকজন চিকিৎসক আমাকে এসে বলল, আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।’ আলীম বলেন, ওই চিকিৎসকেরা প্রথমে তাঁকে ক্যানটিনে নিয়ে যান, সেখান থেকে একটি কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। আধা ঘণ্টা পর একজন চিকিৎসক তালা খুলে তাঁকে প্রক্টরের কক্ষে নিয়ে যান। পরে হাসপাতালের পরিচালকের কক্ষে বসতে দেওয়া হয়। সেখান থেকে আলীম বাসায় চলে যান। পরীক্ষা আর দিতে পারেননি।
একাধিক চিকিৎসক জানিয়েছেন, আব্দুল আলীম রংপুর মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। এ কারণে ২০১০ ও ২০১২ সালে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বাধার মুখে পরীক্ষা দিতে পারেননি। এবারও স্বাচিপের বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা তাঁকে পরীক্ষা দিতে দেননি।
আব্দুল আলীম এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি নিজেকে স্বাচিপের আজীবন সদস্য বলে দাবি করেছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান বলেন, স্বাচিপ নামধারী কিছু উচ্ছৃঙ্খল চিকিৎসক আব্দুল আলীমকে একরকম অপহরণ করে নিয়ে যান। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখতে হবে, এমন কোনো আইন নেই বলেও উল্লেখ করেন প্রক্টর।