বিএসএমএমইউর পরিচালকের গাড়িতে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়ার গাড়ি লক্ষ্য করে আজ রোববার ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। ককটেলে গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।


আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে তিনি হাসপাতাল থেকে বনানীতে বাসার উদ্দেশে রওনা দেন। রূপসী বাংলা হোটেলের সামনে পুলিশ বক্সসংলগ্ন মোড় অতিক্রম করার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল তাঁর গাড়ির ডান দিকের কাচে এসে পড়ে। এতে ওই কাচটি বিধ্বস্ত হয়। তবে ঘটনার আকস্মিকতায় ককটেল হামলাকারীদের চিহ্নিত করতে পারেননি তিনি।

হামলার কারণ সম্পর্কে আবদুল মজিদ বলেন, ‘হাসপাতালে প্রিজন সেলে বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। এ প্রিজন সেলকে যাতে কেউ “অবকাশ কেন্দ্র” বানাতে না পারে, সে জন্য আমি পরিচালক হিসেবে নির্দিষ্ট আইনকানুন প্রয়োগ করেছি। আবার বিভিন্ন সময় আইনের ব্যাঘাত ঘটার কারণে অনেককেই চাকরিচ্যুত করেছি। ধারণা করছি, এসব কারণে হয়তো ক্ষুব্ধ কেউ এ ঘটনা ঘটাতে পারে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পরিচালক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।