বিও হিসাব স্থানান্তরে সই না দেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজশিক্ষিকা কৃষ্ণা হত্যা
কলেজশিক্ষিকা কৃষ্ণা হত্যা

বিআরটিএর উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাস তাঁর বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থানান্তরে সই দিতে রাজি না হওয়ায় তাঁদের ওপর হামলা হয়েছে। আহত সিতাংশুই হাসপাতালে পুলিশকে এ তথ্য দেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু রথীন চাকী।
ওই হামলা ও সিতাংশুর স্ত্রী কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে গতকাল বৃহস্পতিবারও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রথীন চাকী গতকাল জানান, গত সোমবার রাতে আহত সিতাংশুকে উদ্ধার করে প্রথমে আসাদগেটসংলগ্ন একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিতাংশু তাঁর উপস্থিতিতে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সিকে জানান, জন্মদিনের শুভেচ্ছা জানানোর বাহানায় একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপক পূর্বপরিচিত জহিরুল সোমবার রাতে কেক ও ফুল নিয়ে ইকবাল রোডে তাঁর বাসায় আসেন। তাঁর বিও হিসাব অন্য ব্রোকারেজ হাউসে নিতে সই নেওয়ার চেষ্টা করেন জহিরুল। এতে রাজি না হওয়ায় কৌশলে তাঁকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খাইয়ে প্রায় অচেতন করে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন তিনি। জহিরুলের মাধ্যমে তিনি ২০ লাখ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেন। তিনি জানান, ঘনিষ্ঠজনের বরাত দিয়ে বিভিন্ন দৈনিকে সিতাংশুর ১৫ কোটি টাকা বিনিয়োগের যে কথা ছাপা হয়েছে তা ঠিক নয়।
সোমবার রাতে সিতাংশুর সঙ্গে কথা বলার পর বিষয়টি নিশ্চিত করেন জানে আলম।
এই মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, সিতাংশু কত টাকা শেয়ারে বিনিয়োগ করেছেন তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কবেরীকে হাতুড়িপেটা করে ও পুড়িয়ে হত্যা, তাঁর স্বামী সিতাংশু ও দুই মেয়ে শ্রোভনা বিশ্বাস ও অদিতিয়া বিশ্বাসকে আহত করার ঘটনায় করা মামলার আসামি জহিরুল সপরিবারে পালিয়ে গেছেন। কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে তাঁর কর্মস্থল ব্রোকারেজ হাউস, গুলশানের বাসা ও রাজশাহীর বোয়ালিয়ার বাড়িতে কয়েক দফা অভিযান চালানো হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। ওই ব্রোকারেজ হাউস ও তাঁর গুলশানের বাসা তালাবদ্ধ রয়েছে। ২০০১ সালে সিতাংশু রাজশাহীর বিআরটিএতে কর্মরত থাকাকালে তাঁর সঙ্গে জহিরুলের পরিচয় হয়।