বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আরফান মিয়ার (৩২) বাড়ি উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে। তিনি উপজেলা সদরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মুঠোফোনে অর্থ লেনদেনের মাধ্যম বিকাশের ব্যবসা করতেন। ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছ পুলিশ।
আরফানের স্বজনেরা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। লোহাগাছ গ্রামে পৌঁছালে হঠাৎ তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুর্বৃত্ত। তিনি দৌড়ে পালাতে চাইলে তাঁকে কুপিয়ে জখম করে তাঁর কাছে থাকা লেনদেনের ১০ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা। পরে চিৎকার শুনে আশপাশের মানুষ এসে আরফানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ছিনতাইয়ের রাত দেড়টার দিকে ঘটনাস্থলের আশপাশে অভিযান চলিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন লেহাগাছ গ্রামের দেলোয়ার হোসেন (২৫) ও জুলহাস। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে।
শ্রীপুর পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লাহ বলেন, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এ সময় আটককৃত দেলোয়ারের কাছে থেকে ইয়াবা উদ্ধার করা হয়।