বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিকাশ এজেন্টকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বিকাশ এজেন্ট পান্না আলীকে (৩৪) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার সোনাপুর-দয়ারামপুর সড়কের জামালের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। পান্না আলী নাটোর সদর উপজেলার জাঠিয়ান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
বাগাতিপাড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে নাটোর সদর থেকে দয়ারামপুর যাচ্ছিলেন বিকাশের এজেন্ট পান্না আলী। তিনি সোনাপুর-দয়ারামপুর সড়কের জামালের ইটভাটা এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন সন্ত্রাসী তাঁর পথ রোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পান্নাকে উদ্ধার করে প্রথমে দয়ারামপুর মজুমদার ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিকাশ এজেন্টকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের কথা লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।