বিকাশ এজেন্টকে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীর কাফরুল এলাকায় বিকাশের দুই এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১৪ নম্বর সেকশনের পুলিশ স্টাফ কলেজের বিপরীতে বিআরবি গলিতে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় আহত মো. মোশাররফ ও আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুজনের দাবি, ছিনতাইকারীরা গুলি করে তাঁদের কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। মোশাররফের কাছে আট লাখ টাকা ও আল আমিনের কাছে পাঁচ লাখ টাকা ছিল। তবে টাকার অঙ্কের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন এজেন্টের কাছ থেকে বিকাশের টাকা তুলে মোশাররফ ও আল আমিন তা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। দুটি মোটরসাইকেলে করে কয়েক যুবক এসে তাঁদের গুলি করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি মোশাররফের বাসার সামনে ঘটেছে। বিকাশের ব্যবস্থাপক টাকার অঙ্কের ব্যাপারে পুলিশকে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।