বিকাশ এজেন্টকে গুলি, তিন লাখ টাকা ছিনতাই
নেত্রকোনার কেন্দুয়ায় বিকাশের এক এজেন্টকে গুলি করে সন্ত্রাসীরা তাঁর কাছে থাকা প্রায় তিন লাখ টাকা এবং ছয়টি মুঠোফোন সেট ছিনতাই করেছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এজেন্টের নাম এনামূল হক (৩৮)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।
আহত ব্যক্তির পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেন্দুয়া বাজারের ব্যবসায়ী ও বিকাশ (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) এজেন্ট এনামূল ব্যবসায়িক কাজ শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পৌর শহরের সাউদপাড়া এলাকায় মোটরসাইকেলে চড়ে তিন সন্ত্রাসী তাঁর পথরোধ করে। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে তাঁর কাছে থাকা প্রায় তিন লাখ টাকা এবং ছয়টি মুঠোফোন সেট নিয়ে পালিয়ে যায়। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে এনামূলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এভাবে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত ব্যবসায়ীর ভাগনে ওয়াসিম গতকাল শুক্রবার বিকেলে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মামার শরীর থেকে ছয়টি গুলি বের করা হয়েছে। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে আহত ব্যবসায়ীর আরও একবার অস্ত্রোপচার করতে হবে বলে চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তা ছাড়া ঘটনাটি পূর্বপরিকল্পিত বলেও ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।