বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে ছয় লাখ পাঁচ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শহরের কাউতলি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের হামলায় আতাউর রহমান (২৮) নামের ওই বিকাশ এজেন্ট গুরুতর আহত হয়েছেন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাউরের সঙ্গে থাকা বিকাশের আরেক এজেন্ট মুছা আল আশরি জানান, মোটরসাইকেলে করে তাঁরা বিজয়নগর ও আখাউড়ার উদ্দেশে দুটি ব্যাগে বিকাশের ছয় লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কাউতলি স্টেডিয়ামসংলগ্ন কদমগাছতলা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলে করে এসে দুই ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই পেছনে বসা আতাউরের বাঁ হাতে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে দুই পাশ থেকে চার-পাঁচজন এসে ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁকেও মারধর করে ছিনতাইকারীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেননি।