বিকাশ এজেন্টকে জবাই করে হত্যা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জিন্নাহ মণ্ডল (৪০) নামের এক বিকাশ ও ফ্লেক্সিলোডের এজেন্টকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত জিন্নাহ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামের মৃত হবিবর মণ্ডলের ছেলে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই গ্রামের একটি খালে জিন্নাহর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে রাত সাড়ে ১১টার দিকে খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জিন্নাহ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে বাড়ি পৌঁছানোর আগে ওই গ্রামের পাশের একটি খালের কাছে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও জবাই করে হত্যার পর লাশ খালের পাড়ে ফেলে পালিয়ে যায়।
জিন্নাহর স্ত্রী খাদিজা বেগম জানান, জিন্নাহর সঙ্গে গ্রামের কারও কোনো শত্রুতা ছিল না। তাঁর কাছে সব সময় এক থেকে দুই লাখ টাকা থাকত। এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) এস কে খোদা নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা পেশাদার ছিল। টাকা নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।