বিকাশ এজেন্টের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে এক বিকাশ (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) এজেন্টের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই ইউনিয়নের ভদ্রডাঙ্গাবাতাসি গ্রামের আবদুর রহমান খান লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবদুর রহমান খান অভিযোগ করেন, তাঁর ছেলে শফিকুল ইসলাম নিজস্ব বিকাশ নম্বর থেকে এজেন্ট পলাশ মোল্লার বিকাশ নম্বরে ৪ আগস্ট আট হাজার টাকা পাঠান। ওই টাকা গ্রাহককে দেওয়া হয়। দুদিন পর শফিকুল আগের নম্বরে ফোন দিয়ে বিকাশ করতে চাইলে পলাশ আরেকটি নম্বরে বিকাশ করতে বলেন। ৬ আগস্ট বিকেলে পলাশের দেওয়া ওই নম্বরে শফিকুল ছয় হাজার টাকা পাঠান। কিন্তু ওই টাকা গ্রাহক পাননি। এ বিষয়ে পলাশকে জিজ্ঞেস করা হলে তিনি এখন বিভিন্ন কথা বলছেন।
পলাশ মোল্লা বলেন, ‘শফিকুলের সঙ্গে আমার কোনো কথা হয়নি। বিকাশ অফিস হয়তো বিকল্প (ডুপ্লিকেট) নম্বর ব্যবহার করে টাকা নিয়ে গেছে।’
বিকাশ নড়াইলের আঞ্চলিক ব্যবস্থাপক বরুণ কুমারের কাছে জানতে চাইলে তিনি বিকাশের কেন্দ্রীয় মিডিয়া সেলে কথা বলতে বলেন। বিকাশের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ‘দুটি ব্যক্তিগত বিকাশ নম্বরে লেনদেন হয়েছে। এ ক্ষেত্রে আদালত বা পুলিশের মাধ্যমে এলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। বিকল্প নম্বর ব্যবহার করে কার্যালয় থেকে টাকা নেওয়ার সুযোগ নেই।’
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।