বিকাশ এজেন্টের ১৪ লাখ টাকা ছিনতাই
ঢাকার আশুলিয়ায় বিকাশের দুই কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার জামগড়া এলাকার সিনিয়র প্লাস নামে বিকাশ এজেন্টের কর্মী শুভ (২৭) ও জাহাঙ্গীর আলম (৩৪) আজ দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকার বিভিন্ন দোকান থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করে তাঁদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে তাঁরা মোটরসাইকেল করে জামগড়া বটতলা এলাকায় পৌঁছালে অপর দুইটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত এসে তাঁদের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাঁদের দুজনের ডান পায়ে গুলি করে টাকার থলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিকাশ কর্মীদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারবার সতর্ক করার পরেও অধিক টাকা বহনের সময় বিকাশ এজেন্টদের পক্ষ থেকে থানা-পুলিশকে জানানো হয় না। এ কারণেই মাঝে মাঝে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে।