বিকাশ করতে গিয়ে অভিনব প্রতারণা, দুজনকে গণপিটুনি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়ায় এক মুদি দোকানে টাকা বিকাশ করতে গিয়ে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিলেন দুই যুবক। বিকাশ করার পর তাঁরা দোকানদারকে টাকা দেন। কিন্তু গুনে দেওয়ার কথা বলে আবার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আশপাশের লোকজন তাঁদের ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
ওই দুই যুবকের নাম আলমগীর হোসেন (৩৫) ও ওয়াসিম মোল্যা (২৫)। তাঁরা মাদারীপুরের রাজৈর থানার শংকরদি মোল্যা পাড়ার বাসিন্দা।
মুদি দোকানি জাহাঙ্গীর মৃধা সাংবাদিকদের বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে এসে তাঁর দোকানের সামনে থামেন। তখন আলমগীর নামের যুবকটি মোটরসাইকেল থেকে নেমে তাঁর মুঠোফোনে দ্রুত ১৫ হাজার টাকা বিকাশ করতে বলেন। তিনি ওই যুবকের মুঠোফোনে বিকাশ করেন। তখন ওই যুবক তাঁকে ১৫ হাজার টাকা দেন। কিন্তু পরক্ষণেই ওই টাকা গুনে দেওয়ার কথা বলে ওই যুবক তাঁর কাছ থেকে টাকাগুলো নিয়ে দ্রুত মোটরসাইকেলে গিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তিনি ‘চোর’, ‘চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ওই দুই যুবকের গতিরোধ করে তাঁদের ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।