বিকাশ কর্মকর্তাকে হত্যা করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে প্রকাশ্যে বিকাশের এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে টাকা ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম রবিন সরকার (২০)। তাঁর বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা গ্রামে। তিনি গাজীপুর জেলার বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান কানেক্ট ডিস্ট্রিবিউশনের বিক্রয় কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিন সরকার গত মাসে কানেক্ট ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে চাকরি পান। আজ দুপুরে তিনি বোর্ডবাজার এলাকায় বিভিন্ন এজেন্টকে লোড দিয়ে টাকা সংগ্রহ করে শহরের উত্তর ছায়াবীথি জোড়পুকুরপাড় এলাকার অফিসে ফিরছিলেন। বেলা দেড়টার দিকে কয়েকজন ছিনতাইকারী তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রবিন তাদের বাধা দিলে ছিনতাইকারীরা রবিনের পেটে ছুরিকাঘাত করে এবং টাকার ব্যাগ নিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনির হোসেন (২৩) ও ইমান আলীকে (২৪) আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রবিন সরকারের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আটক দুজনের জিজ্ঞাসাবাদ চলছে।