বিকাশ কর্মকর্তাকে হত্যা করে টাকা লুট, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে বিকাশের কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে। হত্যা ও টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মোডের বাজার এলাকার রজব আলী ওরফে খোকা সরকারের ছেলে রবিন সরকার (২০)। তিনি গাজীপুর জেলার বিকাশ ডিস্ট্রিবিউটর কানেক্ট ডিস্ট্রিবিউশন নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে কানেক্ট ডিস্ট্রিবিউশন নামে বিকাশের একটি এজেন্ট রয়েছে। গত মাসে রবিন সরকারকে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে চাকরি দেওয়া হয়। গতকাল দুপুরে তিনি বোর্ডবাজার এলাকায় বিভিন্ন এজেন্টের কাছে টাকা লোড দিয়ে বিকাশমানি সংগ্রহ করে তাঁদের গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবীথি জোরপুকুরপাড় এলাকার অফিসে ফিরছিলেন। বেলা দেড়টার দিকে বোর্ডবাজার এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। কয়েকজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ফেলে এবং রবিনের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রবিন তাদের বাধা দেন এবং ব্যাগটি নিয়ে টানাটানির একপর্যায়ে ছিনতাইকারীরা রবিনের পেটে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এলাকাবাসী রবিনকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য সেখান থেকে তাঁর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। আটক ব্যক্তিরা হলো মনির হোসেন (২৩) ও ইমান আলী (২৪)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর বিকাশ এজেন্টের মালিক এরশাদ হোসেন জানান, গত ছয় মাসে তাঁদের চারবার টাকা ছিনতাই ও চুরি হয়েছে। গত অক্টোবরে তাঁদের জোরপুকুরপাড়ের অফিস থেকে গ্রিল ও ভল্টের তালা ভেঙে ৮০ লাখ টাকা চুরি হয়েছে। এ বছরের জানুয়ারিতে কোনাবাড়ি এলাকায় ছিনতাইকারীরা তাঁদের এক সেলস অফিসারকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। গত ফেব্রুয়ারি মাসে গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা তাঁদের অপর সেলস অফিসারকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তাঁর সঙ্গে থাকা সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে খুন করে কালিয়াকৈরের পাশের নন্দন পার্কের পেছনে লাশ ফেলে রেখে গেছে। এসব ঘটনায় মামলা হলেও কোনো অগ্রগতি নেই, আজ পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান খুনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।