বিকাশ কর্মীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই
নড়াইল সদর উপজেলায় জেকো (২৫) নামের একজন বিকাশ কর্মীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নড়াইল-কালনা সড়কের মালিবাগে এ ঘটনা ঘটে। জেকোকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশের নড়াইল কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিকাশের দুই কর্মী জেকো ও বুলবুল (২৮) নড়াইল কার্যালয় থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে করে লোহাগড়ায় যাচ্ছিলেন। নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে জেকোকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মোটরসাইকেলের মালিক সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।