বিকাশ কর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে আজ বুধবার এক বিকাশ কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ওই বিকাশ কর্মীর নাম মনিরুজ্জামান (৩৮)। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। 


মনিরুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার ফাঁরিরচর গ্রামের মাওলানা শহীদুল্লাহর ছেলে।

সাভার মডেল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুজ্জামান আশুলিয়ার কাঠগড়া এলাকায় থাকেন। তিনি সাভারের বিকাশ এজেন্ট গ্লোরি ডিস্ট্রিবিউশন করপোরেশনে চাকরি করেন। তিনি সাভার পৌর এলাকার সোবহানবাগসহ আশপাশের এলাকার কয়েকটি দোকান থেকে টাকা সংগ্রহ করে আজ দুপুরের দিকে বাজার রোডের আমিন টাওয়ারে বিকাশের কার্যালয়ে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সোবহানবাগ সড়কের আজিবরের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তারা মনিরুজ্জামানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

চায়ের দোকানদার আজিবর রহমানের ভাষ্য, টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মনিরুজ্জামান চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিন হোসেন বলেন, মনিরুজ্জামানের ডান পায়ের ওপরের দিকে এবং পেটের বাঁ দিকে (তলপেটের ওপরে) গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, দুর্বৃত্তরা দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।