বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই
গাজীপুরে সেলিম মুন্সি (৩২) নামের এক বিকাশ কর্মীকে গুলি করে তাঁর কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাগে সাড়ে তিন লাখ টাকা ছিল বলে দাবি করা হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিটি করপোরেশনের কাশিমপুর কাঁঠালতলা এলাকায় ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ সেলিম মুন্সি বরিশালের বাকেরগঞ্জ থানার কাটিদিয়া এলাকার মহিউদ্দিন মুন্সির ছেলে। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী তিনজন জানান, দুপুর ১২টার দিকে কাশিমপুর কাঁঠালতলা এলাকায় দুটি মোটরসাইকেলে করে এসে চারজন দুর্বৃত্ত এক ব্যক্তির গতিরোধ করে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এ সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।
গাজীপুরের বিকাশ ডিস্ট্রিবিউটর মহিউদ্দিন জমাদ্দার জানান, কাশিমপুর এলাকায় বিভিন্ন দোকান থেকে সেলিম বিকাশের টাকা নিয়ে কোনাবাড়ী এলাকায় ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে এসে চারজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, দুর্বৃত্তরা তাঁকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে গেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।