বিকাশ গ্রাহকের কম্পিউটার হ্যাক করে অর্থ লোপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে অর্থ লেনদেনের মাধ্যম বিকাশের গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই পাঁচজন একটি কম্পিউটার হ্যাকার চক্রের সদস্য বলে পুলিশের পাঠানো মুঠোফোন বার্তায় বলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোরশেদ (২৫), আবুল বাশার (৩০), আরিফুর রহমান (৩০), ইকবাল হোসেন ওরফে অপু (২৪) ও হামিদুর রহমান ওরফে তুষার (৩৮)। গত রোববার রাতে বনশ্রী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দীন হায়দার প্রথম আলোকে বলেন, বিকাশের মূল সার্ভার বা কোনো গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সুযোগই নেই। কিছু লোক মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছে, একটু সতর্ক হলেই যেটা রোধ করা সম্ভব।

গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ৯ আগস্ট ইমন বিকাশ নামের একটি প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেন, যে কম্পিউটারটির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের বিকাশ অ্যাকাউন্টগুলো পরিচালিত হতো। ওই দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে চক্রটি ওই প্রতিষ্ঠানের ছয়টি সিমের বিপরীতে নিবন্ধিত বিকাশ অ্যাকাউন্ট থেকে তাদের (অপরাধী চক্রের) ৯০টি সিমের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে পাঠিয়ে সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা বিকাশ অ্যাকাউন্টের জন্য সিম তৈরি করতে সিম ক্লোনিং প্রযুক্তি ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে।

তবে বিকাশের কর্মকর্তা শামসুদ্দীন হায়দার দাবি করেন, ক্লোন সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। কেউ সিম বদল (সিম রিপ্লেস) করলেও তাঁর অ্যাকাউন্ট ২৪ ঘণ্টা বন্ধ রেখে যাচাই করা হয়। কোনো অস্বাভাবিক লেনদেন দেখলেই সেখানে নজরদারি করা হয়।

তবে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, বিকাশে টাকাপয়সার লেনদেনের সীমা বেঁধে দেওয়ায় ব্যবসায়ীরা একসঙ্গে মোটা অঙ্কের টাকা লেনদেনের জন্য অনেকগুলো সিম একসঙ্গে ব্যবহার করা যায়, এ রকম ডিভাইস ব্যবহার করেন। এ ক্ষেত্রে তাঁরা মুঠোফোনের বদলে কম্পিউটারের সঙ্গে সিমগুলো যুক্ত করে বিকাশ অ্যাকাউন্ট পরিচালনা করেন। হ্যাকাররা কিছু সময়ের জন্য ইমন বিকাশের এ রকম কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে অল্প সময়ের মধ্যেই সাড়ে ১৩ লাখ টাকা নিজেদের ৯০টি সিমে স্থানান্তর করেন।