বিকাশকর্মীকে কুপিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই
নেত্রকোনায় মুঠোফোনে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের এক কর্মীকে কুপিয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত বিকাশকর্মীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নেত্রকোনা-মুক্তির বাজার সড়কের টেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিকাশকর্মীর নাম আবদুল হান্নান। তিনি নেত্রকোনার বিকাশের একটি প্রতিষ্ঠানের ‘ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস ম্যানেজার’ পদে কর্মরত।
ওই প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ বিকেলে আবদুল হান্নান প্রতিষ্ঠান থেকে ব্যাগে করে ৩০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে নেত্রকোনার কলমাকান্দায় যাচ্ছিলেন। মুক্তির বাজার সড়কের টেঙ্গা এলাকায় এলে হান্নানের মোটরসাইকেল থামিয়ে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে।