বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই
গাজীপুরে এক বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপরে গাজীপুর সিটি করপোরেশনে পুবাইলের মীরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঊরু ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় বিকাশকর্মী তাজমীরকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের অপর কর্মী আরমান বলেন, তাজমীর, রনি ও তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে ট্রাস্ট ব্যাংকের মীরেরবাজার শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে মীরেরবাজার এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তাঁদের ঘিরে ধরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাজমীর দৌড় দিলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে তাজমীর ঊরু ও হাতে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, ছিনতাইকারীরা ৪ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলে যায়।
তবে জয়দেবপুর থানার পুবাইল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন দাবি করেন, গুলিতে এক বিকাশকর্মী গুলিবিদ্ধ হলেও টাকা নিতে পারেনি ছিনতাইকারীরা। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অন্য এক সহকর্মী ট্রাস্ট ব্যাংকে ৫ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছেন।