বিকাশের কর্মীকে গুলি করে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোড়ানে ছিনতাইকারীরা আসিফ হোসেন (২৪) নামের বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের এক কর্মীকে গুলি করে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬২ উত্তর গোড়ানে (টেম্পো স্ট্যান্ড-সংলগ্ন) বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘আল জাস ট্রেডিং’ অবস্থিত। আজ বেলা আড়াইটার দিকে প্রতিষ্ঠানটির মাঠকর্মী আসিফ সাড়ে চার লাখ টাকা সংগ্রহ করে তাঁর কর্মস্থলের কাছে পৌঁছান। এ সময় তিনজন ছিনতাইকারী এলোপাতাড়ি গুলি করে আসিফের কাছ থেকে কালো কাপড়ের ব্যাগে থাকা টাকা ছিনতাই করে চলে যায়।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আসিফ হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে তিনি কর্মস্থলে ফিরছিলেন। কাছাকাছি পৌঁছালে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ফেলে। পরে এলোপাতাড়ি গুলি করে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে সাড়ে চার লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। তিনি বলেন, দুটি গুলি তাঁর বুকে ও পিঠে লাগে।

আল জাস ট্রেডিংয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীরা প্রথমে বোমা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ ছাড়া প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তাঁদের অফিসের সামনে ঘটনা ঘটলেও তাঁরা ভয়ে কাছে যেতে সাহস পাননি। তিনি বলেন, এর আগে তাঁদের প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাই হলেও তা উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।

গত ২০ মে রাজারবাগ টেলিকম মিলনায়তনের সামনের সড়কে বিকাশের একই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।  

যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আশরাফ উজ জামান প্রথম আলোকে বলেন, বিকাশের এই পরিবেশক প্রতিষ্ঠানকে টাকা বহনের সময় পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছিল। কিন্তু তারা তা শোনেনি। তিনি বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।