বিকাশের তিন এজেন্ট গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির টাকা লেনদেনে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন মো. কালাম, মো. ফারুক ও হীরা।
ডিবি বলছে, গ্রেপ্তার হওয়া তিনজন বিকাশের এজেন্ট। গত সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র দেওয়ার নির্ধারিত সময়ের আগে জালিয়াতির ঘটনা ঘটত। শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দিয়ে তা সমাধানে সাহায্য করতেন। আর টাকা লেনদেনে সহযোগিতা করতেন ওই তিনজন।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহজাহান প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র নিয়ে জালিয়াতির অভিযোগে গত ১৫ জুলাই ডেমরা থেকে রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ডেমরা থানায় মামলা হয়।
আদালতে রায়হানের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় জড়িত অভিযোগে গত রোববার ডেমরার গোলাম মোস্তফা কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়। একই স্বীকারোক্তির ভিত্তিতে জালিয়াতির টাকা সংগ্রহে সহযোগিতাকারী হিসেবে গত সোমবার মো. কালাম, মো. ফারুক ও হীরাকে গ্রেপ্তার করা হয়।