বিকাশের দুই কর্মীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাই
ফরিদপুরে মুঠোফোন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে কুপিয়ে প্রায় আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়ার মতিয়ারের কুম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিকাশ কর্মী ফয়সাল ইসলাম ওরফে ফয়সাল (৩০) ও যুবরাজ মীরকে (২৪) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবরাজ মীর সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি ও ফয়সাল ফরিদপুর শহরে বিকাশ কার্যালয় থেকে মোটরসাইকেলে করে চরভদ্রাসন উপজেলায় যাচ্ছিলেন। মতিয়ারের কুম এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে শীতের টুপি দিয়ে মুখ ঢাকা তিন যুবক তাঁদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা রামদা দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ওই যুবকেরা তাঁদের কাছে থাকা সাত লাখ ৯৩ হাজার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ফরিদপুর মেডিকেলে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাগর হোসেন প্রথম আলোকে বলেন, ফয়সালের মাথা ও হাতে এবং যুবরাজের পায়ে গুরুতর জখম হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কালাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।