বিকাশের দুই কর্মীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মোবাইল ব্যাংকিং বিকাশ লিমিটেডের দুই কর্মীকে কুপিয়ে ৭ লাখ ৯৩ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে এ ঘটনা ঘটেছে।
বিকাশের আহত দুই কর্মী হলেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার রকিব হোসেনের ছেলে ফয়সাল ইসলাম (৩০) এবং শহরের ঝিলটুলী মহল্লার মীর আবদুল মালেকের ছেলে যুবরাজ মীর (২৪)।
আহত যুবরাজ মীর বলেন, গতকাল বেলা সাড়ে ১০টার দিকে তিনি ও তাঁর সহকর্মী ফয়সাল শহরের জনতা ব্যাংকের মোড়ের বিকাশ অফিস থেকে ৮ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে চরভদ্রাসন উপজেলায় যাচ্ছিলেন। পথে খুশির দোকান এলাকায় এক গ্রাহককে ৫০ হাজার টাকা দেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়ার মতিয়ারেরকুম এলাকায় তিন ছিনতাইকারী রামদা দিয়ে তাঁদের এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে তার কাঁধে থাকা ৭ লাখ ৯৩ হাজার টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সাগর হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ফয়সালের মাথা ও হাত এবং যুবরাজের পা জখম হয়েছে। তবে তাঁরা দুজনই আশঙ্কামুক্ত।
ফরিদপুরের বিকাশের পরিবেশক (ডিস্ট্রিবিউটর) আমির আবদুল্লাহ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীরা তাঁদের দুই কর্মীকে কুপিয়ে জখম করে ৭ লাখ ৯৩ হাজার টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে বিকাশের জি এম নজরুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।