কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে ঘোনাপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, গোলাগুলির ঘটনায় ১২ জন ছররা গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৫০টি ফাঁকা গুলি ছোড়া হয়। তবে পুলিশের ছোড়া গুলিতে কেউ আহত হননি বলে তিনি দাবি করেন।
বিদ্রোহী মেয়র পদপ্রার্থী সরওয়ার আজমের বড় ভাই হামিদুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়া তাঁর লোকজন নিয়ে পাঁচটি ভোটকেন্দ্র দখল করেন। বিকেলে ঘোনাপাড়া মাদ্রাসা কেন্দ্র দখল করতে গেলে সরওয়ারের লোকজন বাধা দেন। এ সময় তাঁদের ওপর হামলা ও গুলি ছোড়া হয়। আহত ব্যক্তিদের সবাই তাঁর ভাইয়ের সমর্থক।
তবে ভোটকেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন আওয়ামী লীগ প্রার্থীর ভাগনে মামুন সিকদার। তাঁর অভিযোগ, সরওয়ার তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘোনাপাড়া মাদ্রাসা কেন্দ্র দখল করতে যান। এ সময় বাধা দিলে তাঁরা উল্টো হামলা চালান। এতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পাঁচ সমর্থক আহত হন।
রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
গতকাল সকাল ১০টায় মহেশখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। পুটিবিলা এলাকার ভোটার রহিমা বেগম বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে পেরেছেন তিনি। ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা অশোক আচার্য বলেন, এ কেন্দ্রে ২ হাজার ৯৫৮টি ভোট রয়েছে। বেলা ১১টা পর্যন্ত ৬০০ ভোট নেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টায় মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। অনেক নারী ভোটার অভিযোগ করেন, সকাল আটটায় তাঁরা লাইনে দাঁড়িয়েছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা ভোট দিতে পারেননি। কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা সুনীল দত্ত বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন ভোটাররা।