বিকেলে জাল ভোট ও প্রকাশ্যে সিল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল শনিবার সকালে শান্তিপূর্ণ ছিল। তবে শেষ দুই ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকার পক্ষে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন চেয়ারম্যান প্রার্থী বলেন, কেন্দ্রগুলোতে জোর করে ব্যালটে সিল দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানালেও তিনি ব্যবস্থা নেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া বলেন, ফুলবাড়ি, সূত্রাপুর, চাপাইর ও ঢালজোড়াসহ কয়েকটি ইউনিয়নের দু-একটি কেন্দ্রে কিছু বিশৃঙ্খলা হয়েছে। একটি কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। তা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বেলা আড়াইটার দিকে চাপাইর ইউপির আষাঢ়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক যুবক নৌকায় জাল ভোট দিতে যান। এ সময় অন্য প্রার্থীর এজেন্টরা তাঁকে ধরে ফেলেন। এ নিয়ে প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। বেলা সাড়ে তিনটার দিকে চাপাইর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়। একই কেন্দ্রে সকালে কয়েকজনকে নৌকা প্রতীকে ব্যালট বাক্সের পাশেই প্রকাশ্যে সিল দিতে দেখা যায়। এ দৃশ্য এক সংবাদকর্মী মুঠোফোনে ভিডিও করেন।
সূত্রাপুর ইউপির দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী সোলাইমান হোসেনের এজেন্টদের বের করে দিয়ে সিল মারেন। এ সময় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউপির আরও দুটি কেন্দ্রে বিকেলে জাল ভোট ও জোর করে সিল মারা হয়।
স্বতন্ত্র প্রার্থী সোলাইমান হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ দিলেও কাজ হয়নি।
ঢালজোড়া ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. ইছামুদ্দিন বলেন, নৌকার পক্ষে বহিরাগত লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করেন। কয়েকটি কেন্দ্রে সিলও মেরেছে।
ভোট বর্জন: সূত্রাপুর ইউপির বিএনপির প্রার্থী এবাদত হোসেন বিকেলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে নৌকার কর্মীরা জোর করে তাঁদের এজেন্টদের বের করে দিয়েছেন। তাঁরা ইচ্ছামতো ব্যালটে সিল মারেন। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা পদক্ষেপ নেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানোয়ার হোসেন বলেন, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।