বিকেলে বন্ধ, রাতে বাল্যবিবাহ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামে গত সোমবার বিকেলে একটি বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশ অমান্য করে রাতে বর-কনের বাল্যবিবাহ সম্পন্ন করেন অভিভাবকেরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে গুয়াখোলা গ্রামের বিকাশ বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের (১৪) সঙ্গে একই উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের খোকন বিশ্বাসের ছেলে মলয় বিশ্বাসের (৩০) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. জাকির হোসেন পুলিশ নিয়ে উভয় অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় ছেলে ও মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকার নারী নেত্রী ও বেসরকারি সংস্থা বাঁচতে শেখার কর্মী কবিতা বিশ্বাস জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর ওই দিন সন্ধ্যায় বাসভর্তি লোক মেয়ের বাড়িতে এসে রাতের খাবার খান। পরে মেয়েকে তার পিসির বাড়ি সদর উপজেলার ইচরবাহা গ্রামে নিয়ে ওই ছেলের সঙ্গে বিয়ে দেয়। গতকাল ছেলের বাড়ি বীড়গ্রামে বউভাত অনুষ্ঠান হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইচরবাহা গ্রামের সুকুমার বিশ্বাস ওই মেয়ের পিসেমশাই। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, সোমবার রাতে সুকুমারের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
এনডিসি জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিবাহ বন্ধ এবং জরিমানা করার পর ছেলেমেয়ের বিবাহ হয়েছে জানা নেই। বিবাহ হয়ে থাকলে আদালত অবমাননাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’