বিক্রির চেষ্টার সময় নারী উদ্ধার, তিনজন গ্রেপ্তার
পটুয়াখালীর যৌনপিল্লতে বিক্রির চেষ্টাকালে গত বৃহস্পতিবার এক নারী পোশাকশ্রমিককে (২৫) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর গলাচিপার মুরাদনগর গ্রামের মিলটন (৩০), ফারুক (২৫) ও আফজাল (২৫)।
উদ্ধার হওয়া ওই নারী শ্রমিক জানান, তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলায়। স্বামীর মৃত্যুর পর তিনি নারায়ণগঞ্জের এক পোশাক কারখানায় কাজ শুরু করেন। এক সপ্তাহ আগে মুঠোফোনে মিলটনের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর মিলটন তাঁকে প্রায়ই ফোন করে প্রথমে প্রেমের প্রস্তাব ও একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখান। এতে তিনি রাজি হন। পরে বাড়িতে বিয়ে হবে, এই প্রলোভন দেখিয়ে মিলটন গত বুধবার সন্ধ্যায় ফতুল্লা থেকে লঞ্চে করে ওই নারীকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। ওই লঞ্চে মিলটন একটি কেবিন ভাড়া করেন। লঞ্চেই তিনি মিলটনের দুই সহযোগী ফারুক ও আফজালকে দেখতে পান। রাতে লঞ্চের কেবিনে মিলটন তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।
পরদিন সকালে ওই তিনজন আত্মীয়ের বাসার কথা বলে তাঁকে পটুয়াখালীতে যৌনপিল্লর শাহানাজ বেগম নামে এক সর্দারনীর ঘরে নিয়ে যান। সেখানে পাশের একটি কক্ষে বিশ্রাম নিতে বলে মিলটন সর্দারনীর সঙ্গে অন্য কক্ষে চলে যান। তাঁকে বিক্রি করা হলেও রাতে টাকা দেওয়ার কথা বলে সর্দারনী মিলটনকে বিদায় দেন।
ওই নারী আরও জানান, বিকেলে বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন ও তাঁকে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে। এ সময় কান্নাকাটি শুরু করলে সর্দারনী শাহানাজ পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর কাছ থেকে সব জেনে সর্দারনীকে দিয়ে টাকা দেওয়ার কথা বলে মুঠোফোনে মিলটনকে যৌনপল্লিতে আসতে বলেন। রাতে মিলটন যৌনপল্লিতে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে মিলটনকে দিয়ে মুঠোফোনে ফারুক ও আফজালকে যৌনপল্লিতে এনে তাঁদেরও গ্রেপ্তার করে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারী সদর থানায় মামলা করেছেন।