বিক্রির সময় জব্দ পাখি-সাপ-বেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন বিভাগের জব্দ করা বন্য প্রাণী ও পাখি। ছবি: বন বিভাগ
বন বিভাগের জব্দ করা বন্য প্রাণী ও পাখি। ছবি: বন বিভাগ

গাজীপুরের টঙ্গী বাজারে বেশ কিছু প্রাণী ও পাখি বিক্রির সময় জব্দ করেছেন বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা। আজ রোববার দুপুরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এ এস এম জহির আকনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

এ সময় বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিগার সুলতানা জানান, প্রতি রোববার হাটের দিন অবৈধভাবে বন্য প্রাণী ও পাখি বেচাকেনা হয়‍—এমন খবর পেয়ে আজ দুপুরে টঙ্গী বাজারে অভিযান চালানো হয়। এ সময় খাঁচায় ভরা ১০টি টিয়া, ৮টি শালিক ও ২টি ময়না পাখি এবং বাক্সে ভরা ১টি বেজি ও ১০টি বিভিন্ন জাতের সাপ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান পরিচালনার খবর পেয়ে বন্য প্রাণী ও পাখিগুলো ফেলে রেখে বিক্রেতারা কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে মামলা হয়েছে।

নিগার সুলতানা জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী দেশীয় বন্য প্রাণী তথা পাখি ধরা, মারা এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।