দরিদ্র মায়ের সন্তান ১৫ হাজার টাকায় কিনে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগে আনোয়ারা আক্তার (৪৪) নামের এক নারীকে আটক করেছে র্যা ব। গতকাল শনিবার সবুজবাগের নন্দীপাড়ায় তালুকদার জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান হয়। ভ্রাম্যমাণ আদালত আনোয়ারার ছয় মাসের কারাদণ্ড দেন।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, গত বুধবার নন্দীপাড়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা সাবিনা চিকিৎসার জন্য তালুকদার জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। হাসপাতালটির মালিক আনোয়ারা আলট্রাসনোগ্রাম করে সাবিনাকে জানান, তাঁর পেটে মৃত সন্তান আছে। তিনি সাবিনাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সাবিনা এতে রাজি হলে আনোয়ারা একটি লিখিত চুক্তি করেন। চুক্তিতে বলা হয়, সন্তান মৃত হবে জেনে সাবিনা অস্ত্রোপচারে রাজি হয়েছেন। ওই দিনই অস্ত্রোপচার হয় এবং একটি কন্যাসন্তানের জন্ম হয়।
সরওয়ার আলম বলেন, আনোয়ারা ভেবেছিলেন সন্তান মৃত হয়েছে বলে সাবিনাকে অন্ধকারে রেখেই সন্তানটি অন্য কারও কাছে বিক্রি করে দেবেন। কিন্তু সাবিনা বুঝতে পারেন তাঁর সন্তান জীবিত। এ সময় আনোয়ারা প্রতারণার আশ্রয় নেন। তিনি সাবিনাকে অর্থের প্রলোভন দেখান এবং নবজাতককে অন্য এক বন্ধ্যা নারীর কাছে দত্তক দেওয়া হবে বলে জানান। একপর্যায়ে সাবিনা স্বামীর খোঁজখবর না রাখার কথা বিবেচনা করে ১৫ হাজার টাকার বিনিময়ে নবজাতককে আনোয়ারার হাতে তুলে দেন।
র্যা ব জানায়, তারা গোপন সূত্রে জানতে পারে গতকাল সেই শিশুকেই ৫০ হাজার টাকায় অন্যজনের কাছে বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে র্যা ব-৩-হাসপাতালটিতে অভিযান চালায়।
ম্যাজিস্ট্রেট বলেন, র্যা বের উপস্থিতি টের পেয়ে ক্রেতা পালিয়ে গেলেও আনোয়ারাকে আটক করা হয় ও নবজাতকটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় আনোয়ারার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, উদ্ধার নবজাতককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তার মা সাবিনাকে সবুজবাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানে তালুকদার জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারও সিলগালা করা হয় বলে জানিয়ে সরওয়ার আলম বলেন, ২০১৪ সালের হাসপাতালটি পরিচালনার মেয়াদ শেষ হয়ে যায়। এক মাস আগে আনোয়ারা ১০ লাখ টাকায় হাসপাতালটি কিনে নেন। এই হাসপাতালেই প্রায় ১০ বছর ধরে সেবিকা ছিলেন আনোয়ারা।