বিক্রয় প্রতিনিধিকে রড দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রড দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা ওই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৩৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া মানিকের মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন একটি তামাক কোম্পানির লোহাগড়া বিক্রয় প্রতিনিধি আজমল হোসেন (৪০)।
এ ঘটনায় ওই রাতেই আজমল বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন।
নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আজমল অভিযোগ করে বলেন, তাঁরা দিঘলিয়া বাজার থেকে লোহাগড়ার দিকে আসছিলেন। পথে দিঘলিয়া মানিকের মোড়ে কুমড়ি পূর্বপাড়ার আরজ, সাজ্জাদ, আজমল এবং অজ্ঞাতনামা আরেক যুবক তাঁকে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করেন। এরপর টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় হামলাকারীরা সরবরাহ ভ্যানের চালক সোহেল রানাকেও চড়-থাপড় মারে এবং ভ্যানে থাকা অন্য মালামালও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আশপাশের লোকজন চলে আসায় তারা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আজমল হোসেনকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচে ভর্তি করেন।
পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে আজমল হোসেনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র প্রথম আলোকে জানান, আসামিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। আসামিদের ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে।