বিক্ষিপ্ত সংঘর্ষ-হামলা, নিহত ১, আহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা ও ভোট কারচুপির অভিযোগের মধ্য দিয়ে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তিন ইউপিতে সংঘর্ষের ঘটনায় ৪ পুলিশসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন।
এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপির প্রার্থীর গাড়িতে হামলা হয়। পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভোট জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন বর্জন করেন।
গতকাল ৫১ জেলার ১৫৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়। রাত পৌনে ১০টা পর্যন্ত ৫০টি ইউপির বেসরকারি ফল জানা গেছে। এর মধ্যে ৩৫টিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী চারটি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী একটিতে জয়ী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন সাতটিতে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
হামলায় নিহত ১, আহত ১৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউপির মরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলায় ফারুক মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দরিয়াদৌলতপুর ইউপির বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ভাই। জাহাঙ্গীর বলেন, ‘আমি নৌকা প্রতীকের এজেন্ট হয়ে কেন্দ্রের ভেতরে ছিলাম। সকাল নয়টার দিকে মরিচাকান্দির মোস্তফার নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা করে। খবর পেয়ে বাড়ির কয়েকজন সদস্য কেন্দ্রে আসেন। তখন তাঁদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আমার ভাই ফারুক মিয়ার ঘাড়ে দু-তিনটি আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকে বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণ পর ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের লোকজনের হামলায় জাহাঙ্গীর আলমের ভাইয়ের মৃত্যু হয়েছে এমন তথ্য সঠিক নয়। আমরা শুনেছি হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও গোলাম মোস্তফা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। তবে তাঁরা ভিন্ন ভিন্ন সদস্য প্রার্থীকে সমর্থন করে প্রচারণা চালিয়েছেন।
এদিকে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। মরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিয়াদৌলত পূর্ব নতুন সরকারি প্রাথমিক ও মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধসহ পাঁচজনকে নরসিংদী ও বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউপিতে বিএনপির প্রার্থী ফেরদৌসী সুলতানার গাড়িতে হামলা হয়। সকাল নয়টায় লামচর কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। পরে তিনি আর কোনো কেন্দ্রে যাননি। সকালে নয়টি কেন্দ্রে থেকে ধানের শীষের ৪৯ জন এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। এ অবস্থায় ফেরদৌসী সুলতানা সকাল ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপির প্রার্থীর স্বামী ও নির্বাচনের প্রধান এজেন্ট টিপু সুলতান বলেন, কেন্দ্রে থেকে বিএনপির প্রার্থীর সব এজেন্ট বের করে দেন আওয়ামী লীগের লোকজন। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ নেতা-কর্মীরা প্রকাশ্যে ব্যালটে সিল মারেন।
আওয়ামী লীগের প্রার্থী মাহেনারা পারভিন অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ‘আমাদের কোনো লোক প্রার্থীর গাড়িতে হামলা করেননি।’
আওয়ামী লীগ প্রার্থীর ভোট বর্জন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুলতানাবাদ ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনে বেলা ১১টায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, শনিবার রাত থেকেই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মঞ্জুর মোর্শেদের ভাড়া করা বহিরাগত কর্মী ও ক্যাডাররা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অবস্থান নেন। গতকাল সকাল সাতটা থেকে তাঁরা সব ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করেন। হুমকিও দেন ভোটারদের।
চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মোর্শেদ বলেন, তাঁর ইউনিয়নের সব ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। তিনি বা তাঁর লোকেরা ভোট কারচুপি করেননি।
৫ জনকে জরিমানা
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউপিতে জালভোট ও কেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে মো. সবুজ, আকতার হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম ও আবি আবদুল্লাহকে জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের ছোটধলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংক্ষিপ্ত বিচারিক আদালতের দায়িত্বে থাকা ভোলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হুমায়ুন কবির তাঁদের ছয় হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া ইউনিয়নের ৮, ৪ ও ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোটের কক্ষে পুলিশ কর্মকর্তা
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাই রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল নয়টায় এক নম্বর কক্ষের ভেতরে বসে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার সরকার তাঁকে ওই কক্ষ থেকে সরানোর জন্য প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে ওই পুলিশের সদস্যকে কক্ষ থেকে বের করা হয়।
বেলা দুইটায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের গোলাম সারোয়ার সরকার তাঁর নোয়াগাঁও গ্রামের বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ নির্বাচনে ভোট কারচুপির মহোৎসব হয়েছে। প্রহসনমূলক এ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।
৪ পুলিশসহ আহত ৭
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হন। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, ৩৫-৪০ জনের একদল দুর্বৃত্ত কেন্দ্র থেকে আনুমানিক ৫০০ গজ দূর থেকে কেন্দ্রে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে আকস্মিক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ ১৫-২০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউপিতে জাল ভোট দেওয়ার অপরাধে ৩ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ এ সাজা দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার ভরমোহিনী মধ্যপাড়ার মন্মথ সাহার ছেলে প্রান্ত সাহা (১৮), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিপন (১৮) ও সলঙ্গা পেচোরপাড়ার কফিল উদ্দিনের কিশোর ছেলে (১৬)। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউপির পঞ্চপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অপরাধে এক সদস্য প্রার্থীর ভাইকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রমেন রায়। তিনি ওই ইউপির দুই নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের বাসিন্দা। তাঁর ভাই রঞ্জন রায় একই ওয়ার্ডের সদস্য প্রার্থী। রমেন তাঁর ভাইয়ের পোলিং এজেন্ট হিসেবে বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে বলেন, রমেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে নির্বাহী হাকিম ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ ঘটনাস্থলে আদালত পরিচালনা করে রমেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন।
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউপির পশ্চিম চেঙ্গানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দখলের চেষ্টা হয়। এ সময় দুজনকে জেল ও জরিমানা করা হয়। এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে বেলগাছা ইউনিয়নের জারুলতলা উচ্চবিদ্যালয় কেন্দ্র চারজনকে গ্রেপ্তার করা হয়।
নোয়ারপাড়া ইউনিয়নের পশ্চিম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারগিলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বলেন, নয়টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট ওই দুটি কেন্দ্রে। সেটা বুঝে আওয়ামী লীগের প্রার্থীর বহিরাগত লোকজন প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছেন।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।