রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। গতকাল সকাল ১০টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর জেলা কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির পাঠানো ছাত্রলীগের জেলা কমিটির নাম ঘোষণা করেন। ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা ঘোষিত কমিটির সভাপতি আবদুল জব্বার সুজনের বিরুদ্ধে অছাত্র এবং বিতর্কিত বলে অভিযোগ তোলেন।
কমিটি ঘোষণার কিছুক্ষণ পর বিক্ষুব্ধ কর্মীরা রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাব ও বিভিন্ন নেতার ছবি ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু কর্মী এবং পুলিশ এসে বিক্ষুব্ধ কর্মীদের সেখান থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কর্মীদের সরিয়ে দিয়েছে। আর কোনো অঘটন ঘটেনি।
এদিকে নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন গতকাল বেলা সাড়ে তিনটায় যৌথ সংবাদ সম্মেলন করেছেন। শহরের তবলছড়ি এলাকার জুমঘর রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের নতুন সভাপতি আবদুল জব্বারের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘটনায় জড়িত থাকা, ছাত্রত্ব না থাকাসহ ১৪টি অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সভাপতি প্রার্থী মো. সাইফুল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপর তিন সভাপতি প্রার্থী এস এম কাওসার, শাহনেওয়াজ ও জয় প্রকাশ দত্ত। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় আবদুল জব্বার মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন না। প্রকৃত ছাত্র ও সভাপতি প্রার্থীদের বাদ দিয়ে যিনি সভাপতি হিসেবে নামই জমা দেননি তাঁকে সভাপতি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের নতুন সভাপতি আবদুল জব্বারের মুঠোফোনে কথা বলার চেষ্টা করে সংযোগ বন্ধ পাওয়া গেছে। তবে মুছা মাতব্বর বলেন, ‘কেন্দ্রীয় কমিটি সকালে ফ্যাক্সযোগে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সাতজনের নাম পাঠিয়েছে। আমি তাঁদের নাম ঘোষণা করেছি। যাঁরা প্রার্থী ছিলেন তাঁরা একটু ক্ষুব্ধ হয়েছেন।’ নতুন সভাপতি আবদুল জব্বার সভাপতি প্রার্থী ছিলেন না বলে যে অভিযোগ উঠেছে তা ঠিক নয় বলে তিনি জানান।