বিক্ষোভ, সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শ্রীউলা ইউপির চেয়ারম্যানসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
একই দিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মনোনয়নকে কেন্দ্র করে বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী মো. মাহমুদুল হাসান ওরফে সুজন মোল্লার সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দলের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরে প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে সমাবেশ ও মানববন্ধন করা হয়।
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় সকাল নয়টার দিকে সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান আবু হেনা মো. সাকিলুর রহমান, তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ রায়হান, গ্রাম পুলিশ কহিনুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আবদুল হামিদ প্রমুখ। এ ছাড়া চেয়ারম্যানের প্রতিপক্ষের ছয়জন আহত হয়েছেন।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মো. সাকিলুর রহমান বলেন, তিনি সকালে মহিষকুড় মুক্তিযোদ্ধা অফিসে বসে তাঁর সমর্থকদের নিয়ে কথা বলছিলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের নেতৃত্বে একদল লোক তাঁদের কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় নূর মোহাম্মদের পক্ষের লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এ কারণে তাঁরা হামলা করেছেন। এ ঘটনায় তিনিসহ তাঁর পক্ষের ১৪ জন কমবেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নূর মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের শ্রীউলা ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূলের ভোটে তিনি জয়লাভ করেন। জেলা থেকেও তাঁর নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রের কয়েকজন নেতাকে ভুল বুঝিয়ে সাকিল মনোনয়ন নিয়ে আসেন। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিধায় গতকাল সকালে স্থানীয় মাড়িয়ালা বাজারে হেঁটে যাওয়ার সময় সাকিল তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধরও করেন। তাঁর সমর্থকেরা শুনে ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গতকাল বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
কলাপাড়ায় মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের ভোটে টিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান ওরফে সুজন মোল্লার নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠায়। কিন্তু কেন্দ্র থেকে অজ্ঞাত কারণে সৈয়দ মশিউর রহমান নামের এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। মশিউর রহমান টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো পদে নেই। এমনকি তিনি উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন বাছাই প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করেননি। অথচ তাঁকেই কেন্দ্র থেকে নৌকা মার্কা দিয়ে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হলো। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা, কৃষক লীগের সভাপতি আবদুল খালেক খান, শ্রমিক লীগের সভাপতি মো. ওয়ালিউল্লাহ পাননু এবং টিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন প্রমুখ।
একইভাবে চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান খানের নাম প্রস্তাব করা হয়। কিন্তু কেন্দ্র থেকে তাঁর নাম বাদ দিয়ে বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ওরফে কেরামত হাওলাদারকে মনোনয়ন দেওয়া হয়। এ কারণে চাকামইয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
আবদুল মন্নান খান বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্তে আমি সর্বোচ্চ ২৬ ভোট পেয়েছি। অথচ কেন্দ্রকে ভুল বুঝিয়ে এবং ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন পাল্টে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার বিনিময় হয়েছে বলে আমি শুনেছি।’