দিনাজপুরের বিরামপুর সোনালী ব্যাংক শাখায় ঈদের বেতন-বোনাস তুলতে শিক্ষকদের কাছে ঘুষ দাবি করেন ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। এর প্রতিবাদ করায় গত বুধবার দুপুরে ওই ব্যাংকের ব্যবস্থাপকের নির্দেশে সব কর্মকর্তা-কর্মচারী একজোট হয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতিসহ একইর মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষককে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে এবং সোনালী ব্যাংক বিরামপুর শাখার সব কর্মকর্তা-কর্মচারীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ সচেতন এলাকাবাসী ওই কর্মসূচিতে যোগ দেন। পরে শিক্ষকদের দাবির মুখে ব্যাংকের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।
একইর মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, ফরিদ হোসেনসহ অন্যান্য বিদ্যালয়ের অন্তত ছয়জন শিক্ষক জানান, বুধবার ঈদের বেতন-বোনাস তুলতে গেলে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা উৎকোচ দাবি করেন। উৎকোচ দিতে না চাওয়ায় কর্মকর্তারা শিক্ষকদের বেতন-বোনাস না দিয়ে হয়রানি করতে থাকেন। শিক্ষক দেলোয়ার হোসেন ও ফরিদ হোসেন এর প্রতিবাদ করায় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী একযোগে ওই দুই শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষকদের ‘চোর’ সম্বোধন করেন। তর্কবিতর্কের একপর্যায়ে দেলোয়ার হোসেন ব্যাংক থেকে বের হয়ে গেলে ব্যাংকের ব্যবস্থাপক ‘চোর চোর’ চিৎকার করে দেলোয়ারকে ধরে নিয়ে আসতে বলেন। এরপর প্রধান ক্যাশিয়ার তোছাদ্দেক হোসেনসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দোলোয়ারে শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে মারতে ব্যাংকের ভেতরে নিয়ে আসেন। এর প্রতিবাদ করতে গেলে ব্যবস্থাপকের নির্দেশে ব্যাংকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ফরিদ হোসেনকেও মারধর করেন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি বিরামপুর শাখার সভাপতি ফারুক-ই-আজম ব্যাংকে যান। শিক্ষকদের মারধর করার কারণ জানতে চাইলে জ্যেষ্ঠ কর্মকর্তা মাসুদ রানা তাঁর শার্টের কলার চেপে ধরেন এবং মিজানুর রহমান লাথি মারেন।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। সকাল থেকে বিরামপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী একজোট হয়ে বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান শিক্ষক শফিরুল ইসলাম, আরমান হোসেন, শফিকুল ইসলাম, সাইদুর রহমানসহ অন্তত ১০ জন শিক্ষক বলেন, ওই ব্যাংকে বর্তমানে কর্মরত কর্মচারীরা বেশির ভাগই স্থানীয়। তাঁরা বহুদিন ধরে এখানে থাকায় ব্যাংকটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। নিরীহ শিক্ষকেরা ঘুষ না দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত দুর্ব্যবহার আর হয়রানি করে আসছেন। এসবের প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে লাগাতার আন্দোলন চলবে।
এ সংকট নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের মধ্যস্থতায় ব্যাংকের দিনাজপুর শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং নির্বাহী কর্মকর্তা আবু হাসান গতকাল সকাল থেকে শিক্ষকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয়ে আলোচনায় বসেন। আলোচনা সভায় সিরাজুল ইসলাম ও আবু হাসান ঘুষ দাবিসহ শিক্ষকদের মারধর ও হয়রানির ঘটনা সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলামের কাছে জানতে চান। নজরুল ইসলাম এ ব্যাপারে যৌক্তিক কোনো উত্তর দিতে না পারলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ভর্ৎসনা করেন। পরে শিক্ষকদের দাবি অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম, জ্যেষ্ঠ কর্মকর্তা মাসুদ রানা ও মিজানুর রহমান শিক্ষক মারধরের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন।
এরপর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ও কার্যনির্বাহী কর্মকর্তা শিক্ষকদের দাবি অনুযায়ী মাসুদ রানা ও মিজানুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) এবং ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ঈদের পরে বদলি করার প্রতিশ্রুতি দিলে শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার করে নেন।