বিচার চাইতে বাবার সঙ্গে থানায় এল অসুস্থ শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা-পুলিশ, মামলা-মোকদ্দমা—এসব বোঝে না সে। কিন্তু এতটুকু বয়সেই ‘গণধর্ষণের’ শিকার হয়ে সেই থানাতেই আসতে হলো তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে সঙ্গে নিয়ে থানায় এসে ধর্ষকদের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছে সে। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক চতুর্থ শ্রেণির ছাত্রীর (১১)। গত বৃহস্পতিবার রাতে থানায় এসে বাবাকে দিয়ে ধর্ষকদের বিরুদ্ধে শিশুটি ওই অভিযোগ দায়ের করে। ক্ষুব্ধ কণ্ঠে ধর্ষকদের গ্রেপ্তার ও কঠোর বিচার দাবি করে। অভিযোগ দায়েরের পর মেয়েটিকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটির স্বজনেরা গত বুধবার তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শল্য চিকিৎসার প্রয়োজন হওয়ায় মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। টাকার অভাবে স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে যান।
শিশুটির পরিবার জানায়, বাসায় ফেরত নিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ মেয়েটি ধর্ষকদের ধরার জন্য আকুতি জানায়। পরে ধর্ষকদের বিরুদ্ধে অভিযোগ করতে বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে থানায় যায়। নারী কনস্টেবলের মাধ্যমে অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ রাতেই মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালে নেওয়ার আগে মেয়েটি বাবার উপস্থিতিতে প্রথম আলোকে জানায়, গত বুধবার রাতে সে ঘরে পড়ছিল। এ সময় তাদের পড়শি অষ্টম শ্রেণির এক ছাত্রী তাকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। সে মাঝেমধ্যে পড়া শিখতে ওই ছাত্রীর সহায়তা নিত। ওই বাড়ি থেকে ফেরার পথে ওই ছাত্রীর নিকটাত্মীয় নান্দাইলের জাহাঙ্গীপুর ইউনিয়নের কালিয়ান গ্রামের মো. হৃদয় মিয়া (১৯) মুখ চেপে ধরে তাকে কাছেই জঙ্গলের ভেতর নিয়ে যায়। হৃদয় মিয়া ও আগে থেকে ওত পেতে থাকা আরও কয়েকজনসহ সেখানে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে সে। ঘণ্টা খানেক পর জ্ঞান ফিরলে সে বাড়িতে পৌঁছে।
মেয়েটির দাদি জানান, বাড়িতে আসার পর নাতনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে সে ঘটনাটি প্রকাশ করে।
শিশুটির বাবা বলেন, তিনি স্ত্রীকে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে টুকরি বহনের কাজ করেন। মেয়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার রাতেই তিনি স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। সব ঘটনা জেনে বৃহস্পতিবার রাতে মেয়েটিকে নিয়ে থানায় যান।
বাবা বলেন, ‘ছেরিডার (মেয়ের) মধ্যে লেহাপড়া করনে উৎসাহ দেইখ্যা হেরে দাদির কাছে রাখছি। কিন্তু এমন সর্বনাশ অইবো জানলে ঢাহা নিয়া রাখতাম।’
নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ আলী শেখ বলেন, মেয়ের বাবার অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন ও সুস্থ হয়ে ওঠার পর জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে নেওয়া হবে।
এদিকে ঘটনার পর হৃদয় মিয়া পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।