বিচার চাওয়ার পর পুকুরে অন্তঃসত্ত্বা কিশোরীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুকুর থেকে গতকাল মঙ্গলবার এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্থানীয় এক যুবকের বিচার চাওয়ার এক সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটল।
ওই কিশোরীর নাম রেশমা আক্তার (১৭)। সে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামের মো. এমাদুল ইসলামের মেয়ে। একই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের একটি পুকুর থেকে গতকাল সকালে তার লাশ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, আট মাসের অন্তঃসত্ত্বা রেশমাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, চরবেস্টিন গ্রামের রেশমার সঙ্গে একই গ্রামের মো. আল-আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল-আমিন রেশমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে রেশমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক মাস আগে বিষয়টি জানাজানি হয়। রেশমা বিয়ের জন্য চাপ দিলেও আল-আমিন রাজি হননি। সর্বশেষ এক সপ্তাহ আগে আল-আমিনের পরামর্শে গর্ভপাত করাতে রেশমাকে গলাচিপা সদরে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা বলে দেন, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় গর্ভপাত করানো যাবে না। এরপর এমাদুল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে চরমোন্তাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও আল-আমিনের চাচা মো. আনোয়ার হোসেন হাওলাদারের কাছে গিয়ে বিচার চান। আনোয়ার বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি রেশমাকে কয়েক দিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন।
রেশমার বাবা এমাদুল বলেন, ‘মেম্বারের কথামতো আমরা রেশমাকে চরলক্ষ্মী আদর্শ গ্রামে আমাদের আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলাম। মঙ্গলবার সকালে তাঁর লাশ পাওয়া গেল পুকুরে।’
সালিসের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেওয়ার কথা স্বীকার করেন আনোয়ার হাওলাদার। তবে তিনি দাবি করেন, রেশমাকে দূরে কোথাও পাঠানোর পরামর্শ তিনি দেননি।
ঘটনার পর থেকে আল-আমিনকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। রেশমা যে অন্তঃসত্ত্বা ছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।’