বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যা
মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যা

মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করল শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বিদ্যালয়ের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান খান, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রব খান, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস মল্লিক, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মনজুর হোসেন প্রমুখ।
কর্মসূচি চলার সময় প্রধান শিক্ষক বোরহান খান বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীদের যেন কোনো বখাটে উত্ত্যক্ত করতে না পারে, এ জন্য এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও দরকার।

মাদারীপুর সদরের মস্তফাপুর উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল মস্তফাপুর বাজার সড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নিহত ছাত্রীদের স্বজনেরা l ছবি: প্রথম আলো
মাদারীপুর সদরের মস্তফাপুর উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল মস্তফাপুর বাজার সড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নিহত ছাত্রীদের স্বজনেরা l ছবি: প্রথম আলো

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রব বলেন, দুই ছাত্রী হত্যার এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আরও আগে মানববন্ধন করতে চেয়েছিলাম। নানা কারণে এই কর্মসূচি পালনে দেরি হয়ে গেছে। আমরা পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।’
অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রী প্রথম আলোকে জানায়, এ ঘটনার পর তাদের বিদ্যালয়ে আসতে ভয় করে। বিদ্যালয়ে যাতায়াতের পথ নিরাপদ নয়। বখাটেদের হাতে উত্ত্যক্ত হতে হয়। নির্বিঘ্নে বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন।
১৩ আগস্ট সুমাইয়া ও হ্যাপির রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বখাটেরা ধর্ষণের পরে বিষ খাইয়ে তাদের হত্যা করেছে। এ ঘটনায় পরদিন মাদারীপুর সদর থানায় সাতজনকে আসামি করে মামলা করা হয়। ঘটনার দিন হাসপাতাল থেকে শিপন শিকদার ও রফিকুল ইসলাম নামের দুজনকে জনতা আটক করে পুলিশে দেয়। পরের দিন রকিব শিকদার নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার প্রথম আলোকে বলেন, ‘শিপন আমার মেয়েকে উত্ত্যক্ত করত। তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। বিষয়টি এলাকার অনেক মানুষ জানে। সে তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে হত্যা করেছে। পুলিশ তার কাছ থেকে কোনো বক্তব্য আদায় করতে পারেনি, এটা বিশ্বাসযোগ্য নয়।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, রিমান্ডে থাকার সময় আসামিদের দেওয়া কিছু তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এ মামলার পলাতক চার আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।