বিচার বসিয়ে জরিমানা করলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি মারামারির ঘটনায় ‘বিচার’ বসিয়ে ‘জরিমানা’ করলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ওরফে সাদ্দাম। বিচারের সময় ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদত হোসনকে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।
শাহাদত হোসেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) সদস্য।
বিভাগ সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ক্লাস প্রতিনিধি শাহাদত হোসেন ক্লাস অনুষ্ঠিত হওয়া নিয়ে নিজেদের ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেন। পরে সহপাঠী ছাত্রদলের কর্মী এরফান হাবিব ওরফে হৃদয় রাজনৈতিক অস্থিরতার মধ্যে কোনো ক্লাস অনুষ্ঠিত হতে দেবেন না বলে ওই পোস্টের ওপর মন্তব্য করেন। পরদিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাদতকে চড় মারেন হৃদয়। পরে এ নিয়ে অন্য সহপাঠীরা মিলে হৃদয়কে মারধর করেন। নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করার জন্য শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়।
বিভাগের শিক্ষার্থীরা জানান, এরপর শীতকালীন ছুটি শেষে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ওই ক্লাসের অধিকাংশ সহপাঠী ক্যাম্পাসে ফেরেননি। গত সোমবার বাড়ি থেকে শাহাদত ক্যাম্পাসে ফেরার পর গতকাল বেলা দুইটায় হৃদয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দামকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের মূল ফটকে যান। সেখানে গিয়ে শাহাদতকে ডেকে নিয়ে চড়-থাপড় মারেন সাদ্দাম। এরপর হলের অতিথি কক্ষে নিয়ে হল ছাত্রলীগের কর্মী শাওনসহ আরও সাত-আটজনকে নিয়ে বিচার বসান ছাত্রলীগের নেতা সাদ্দাম। বেলা সাড়ে তিনটা পর্যন্ত বিচার শেষে পুরোনো ঘটনায় হৃদয়ের চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। এর মধ্যে পাঁচ হাজার টাকা দুই ঘণ্টার মধ্যে শাহাদতকে দিতে শাসানোও হয়। বাকি ২০ হাজার টাকা সহপাঠী সিগফাত মীম, ইমাম মেহেদী, শাকিল ও মুশফিকুর রহমানকে দেওয়ার ফায়সালা দেওয়া হয়।
শাহাদত দাবি করেন, ‘কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের নেতা সাদ্দাম আমাকে মারধর করেছেন। বিভাগের বিষয়ে তিনি হস্তক্ষেপ করে ২৫ হাজার টাকা চাঁদা চেয়েছেন।’
হৃদয় বলেন, ‘প্রথম বর্ষে পড়াশোনার সময় না বুঝে বন্ধুদের সঙ্গে ছাত্রদলের বড় ভাইদের সঙ্গে মিশতাম। আজ রাগের মাথায় শাহাদতকে একটা চড় দিয়েছি। আমাকে মারধর করার ফলে চিকিৎসা করাতে যে খরচ হয়েছিল, তার জন্য শাহাদতের কাছ থেকে টাকা চেয়েছি।’ ডিসেম্বরের ঘটনায় শাহাদতকে তিনি চড় মারেননি বলে দাবি করেছেন।
জানতে চাইলে সাদ্দাম বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমি সেখানে যাওয়ার আগেই ছোট ভাইয়েরা শাহাদতকে একটি চড় মেরেছিল। আমি গিয়ে বিষয়টি মীমাংসা করে দিই।’ চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘হৃদয় গরিব পরিবারের ছেলে। ডিসেম্বরে মারধরের শিকার হওয়ার পর তার চিকিৎসা করাতে বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। তাই তাকে আর্থিকভবে সহযোগিতা করার জন্য শাহাদতদের কিছু টাকা দিতে বলেছি। হৃদয় আমার এক ছোট ভাইয়ের বন্ধু। তাই তার জন্য আমি সেখানে গিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’