বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার পুলিশের হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজন হত্যার অভিযোগে করা মামলায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার গ্রহণ করেছেন আদালত।

পুলিশি হেফাজতে মাহাবুবুরকে হত্যার অভিযোগে গত বছরের ২০ জুলাই তাঁর স্ত্রী মমতাজ সুলতানা মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিন আহম্মেদ ও উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানসহ অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে মাহাবুবুর রহমানকে মারধর করে হত্যা করেন।

আদালত অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম আশিকুর রহমান তদন্ত করে ওই ঘটনায় মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিনসহ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দেন। প্রতিবেদনে অভিযুক্ত বাকি চারজন হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজকুমার, কনস্টেবল আসাদ, রাশেদুল ও মিথুন। গতকাল মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস তা আমলে নিয়ে গ্রহণ করেন।

গত বছরের ১৩ জুলাই রাতে হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদের বাসা থেকে মাহাবুবুর, তাঁর স্ত্রী ও একমাত্র সন্তানকে মিরপুর থানায় নিয়ে যান এসআই জাহিদসহ একদল পুলিশ। পরিবারের অভিযোগ, ধরে নিয়ে যাওয়ার আগে বাসায় এবং রাত প্রায় সোয়া ১২টা থেকে ভোররাত পর্যন্ত পুলিশ থানায় নিজেদের হেফাজতে রেখে মাহাবুবুরকে নির্যাতন করে। ভোরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, বিচার বিভাগীয় তদন্তে নিহত মাহাবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা, মা শাহিদা বেগম, বড় ভাই নজরুল ইসলাম, আত্মীয় মিনহাজ, সাইফুল আলম ও মাহবুবুল আলমসহ ১০ জন সাক্ষ্য দেন।