বিচারক পদে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার
বিচারক পদে পরীক্ষার্থী সেজে জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি) পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন দেলোয়ার হোসেন নামের এক যুবক। গত ১৩ এপ্রিল ইডেন কলেজে অনুষ্ঠিত জেএসসির ইংরেজি পরীক্ষার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
লালবাগ থানা-পুলিশ জানায়, এ ঘটনায় লালবাগ থানায় জেএসসির সহকারী পরিচালক এ এম আনিসুর রহমান বাদী হয়ে ১৩ এপ্রিল একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আশফাকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় এ রকম ঘটনা এই প্রথম। এরপর পরীক্ষা হলে কড়াকড়ি করা হয়েছে। প্রধান বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে মামলার অগ্রগতি জানানো হয়েছে।
জানতে চাইলে লালবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা কৃষ্ণপদ মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘২৪ বছর বয়সী ওই যুবক বিশ্ববিদ্যালয় ছাত্র। তাঁকে দুদিনের রিমান্ডে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারও করেন, মূল পরীক্ষার্থী মো. আতাউর রহমান মণ্ডলের সঙ্গে তিনি এক মেসে থাকেন। অর্থের বিনিময়ে নয়, মেসের ‘বড় ভাই’ হিসেবে আতাউর তাঁকে নকল পরীক্ষার্থী সাজতে অনুরোধ করেন। কারণ আতাউর ইংরেজিতে কাঁচা। আর তাঁর সরকারি চাকরির বয়সও শেষের দিকে।’ তদন্তকারী কর্মকর্তা জানান, আতাউরের মেসে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ মামলায় আতাউরকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৩ কখ/ ১৩ ধারায় মামলা করা হয়।