বিচারক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
নেত্রকোনা জেলা জজ পরিচয়ে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা-নামাপাড়া গ্রামের মো. শিপন (২২), একই গ্রামের মাসুদ রানা (২৩) ও রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ গ্রামের রাজু আহম্মেদ (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জানান, ওই প্রতারক চক্রের একজন ৩ জুলাই জেলা জজ পরিচয়ে নেত্রকোনার চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদকে মুঠোফোন ফোন করেন। কুশল বিনিময়ের পর তিনি জানান, নেত্রকোনার এক ব্যক্তি গাজীপুরে মারা গেছেন। তাঁর লাশটি নেত্রকোনায় পাঠাতে ৩৫ হাজার টাকা প্রয়োজন। তিনি এবং তাঁর সহকর্মীরা মিলে ১৪ হাজার টাকা দিয়েছেন। বাকি ২১ হাজার টাকা দেওয়ার জন্য তিনি আবদুল ওয়াহেদকে অনুরোধ করেন এবং দুটি বিকাশ নম্বর দেন। সরল বিশ্বাসে আবদুল ওয়াহেদ ওই নম্বর দুটিতে সার্ভিস চার্জসহ ২১ হাজার ৪২০ টাকা পাঠান। পরবর্তী সময় তিনি যোগাযোগ করে জানতে পারেন নেত্রকোনার প্রকৃত জেলা জজ তাঁকে ফোন করেননি। এ ছাড়া নেত্রকোনার কোনো ব্যক্তিও গাজীপুরে মারা যাননি।